উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমসহ আটজনের বিরুদ্ধে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মো. জাবেদ নামের এক ব্যক্তি, যিনি স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেনের বাবা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে খুলশীর ওয়্যারলেস মোড়ে বাদীর বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদী দাবি করেছেন। এছাড়াও পুত্রবধূর ঘর থেকে নগদ আট লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পুলিশ সদস্যরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে বাদী ও তার পরিবারের সদস্যদের মারধর করেন এবং রাবার বুলেট নিক্ষেপ করেন। লুটপাটে বাধা দিলে বাদীর পুত্রবধূর শ্লীলতাহানি করা হয় এবং পরিবারের সদস্যদের বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী এস এম মইনুল ইসলাম জানিয়েছেন, আদালত মামলাটি গুরুত্ব সহকারে আমলে নিয়েছেন। পুরো ঘটনার তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।