উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বালুরমাঠ এলাকায় অবৈধ রিকশার গ্যারেজে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থানা, ট্রাফিক পুলিশ, র্যাব ও ডেসকোর সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। রোববার ১৩ সেপ্টেম্বর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো জুয়েল রানা। তিনি জানান, রাত ৯টার দিকে রায়েরবাজার বালুর মাঠ এলাকার ছয়টি রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। এর মধ্যে দুটি গ্যারেজের বিদ্যুতের লাইন বৈধ থাকলেও বাকি চারটি চুরি করে ব্যবহার করা হতো।
এই ঘটনায় মোট দুইজনকে আটক করা হয়েছে এবং অবৈধ বিদ্যুৎ সংযোগকারী রবিউলকে ধরতে অভিযান চলছে। অভিযানে গিয়ে বৈদ্যুতিক চোরাই লাইন সংযোগকারী রবিউলের নাম জানা যায়। তিনি অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে রিকশার গ্যারেজ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
অভিযানে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, ডেসকো, সিটি কর্পোরেশন ও র্যাব অংশগ্রহণ করে। অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে রিকশার গ্যারেজ চালানোর অভিযোগে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হিসেবে মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।