উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ইস্টার্ন প্লাজা মার্কেট জামে মসজিদে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখা সেরা পাঁচ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও অনুষ্ঠানের অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজাউল হুসাইন।
অনুষ্ঠানে ইস্টার্ন প্লাজা মার্কেট জামে মসজিদের খতিব মুফতি নিজাম বিন মুহিব বলেন, মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জীবন ও আদর্শ শুধু জানার বিষয় নয়, বরং তা আমাদের জীবনে বাস্তবায়নের বিষয়। সাধারণ মানুষের মাঝে প্রিয় নবীর সীরাতের শিক্ষা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার মূল পর্ব। আলেমদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এ আয়োজনে সিরাত জানার প্রতি ছিল ব্যাপক আগ্রহ এবং মোট ৪১ জন প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতাটিকে শুধু একটি পরীক্ষায় সীমাবদ্ধ না রেখে অংশগ্রহণকারীদের সিরাত সম্পর্কে ধারাবাহিকভাবে পড়াশোনার সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ লক্ষ্যে প্রত্যেক প্রতিযোগীর জন্য মহানবী সা:-এর জীবনী ও সিরাতভিত্তিক ৩১৩টি প্রশ্ন ও উত্তর সম্বলিত একটি শিট প্রস্তুত করা হয়।