উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি প্রদান এবং তাদের উৎসাহিত করতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা গাজীপুর অনাবাসিক শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদরাসা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, ডুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ডেপুটি খতিব মাওলানা আবু বকর সিদ্দিক, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবীবুল্লাহ আল আমীন, পরিচালক নুরুল আবসার ভূঁইয়া ও বাইতুল মামুর জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন করলেই হবে না; তাদের জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষা মানুষের চিন্তা ও চরিত্রকে পরিবর্তন করে। তাই কুরআন-সুন্নাহর আলোকে আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শাখা প্রধান ইব্রাহিম শিশিরের পরিচালনায় এবং সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।