উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজ থেকে যোগাযোগ নম্বর নিয়ে সরাইলের শাহবাজপুর এলাকায় বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে রাকিব নামে এক যুবক দুই নারীর সঙ্গে চুক্তি করেন। গত ১০ সেপ্টেম্বর চুক্তি অনুযায়ী ওই দুই নারী সরাইল বিশ্বরোড এলাকায় পৌঁছান। সেখান থেকে রাকিব ও তার সঙ্গীরা তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহজানপুরের একটি সেতুর নিচে নিয়ে যান এবং পরে একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলেন।
অভিযোগে বলা হয়, নৌকাটি তিতাস নদীর মাঝামাঝি পৌঁছালে চালক ইঞ্জিন বন্ধ করে দেন এবং নৌকার ছাউনির ভেতর জোরপূর্বক নিয়ে গিয়ে ওই দুই নারীকে পর্যায়ক্রমে একাধিকবার ধর্ষণ করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা এক পুরুষ সদস্য বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দেন। মহিলা পরিষদ বলেছে, সম্প্রতি নারী ও শিশুদের প্রতি ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে।
সংগঠনটি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনায় বিচারপ্রক্রিয়ার দ্রুততা এবং তাদের নিরাপত্তার বিষয়টি অধিকতর গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে। বিবৃতিতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে এলাকাভিত্তিক ব্যক্তি, পরিবার ও সমাজকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানানো হয়।