উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইতালির মিলানে শুরু হয়েছে ইউরোপের অন্যতম বৃহৎ সোর্সিং মেলা ‘রেডি টু শো’। শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া তিন দিনের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এবারের মেলায় বাংলাদেশের অ্যাপারেল, টেক্সটাইল ও চামড়া খাতের মোট ১৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং রোমের বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনস্যুলেট জেনারেলের ব্যবস্থাপনায় এই প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নিয়েছে।
মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাইনো অ্যাপারেলস, ফোকাস অ্যাপারেলস বিডি, মাসকম কম্পোজিট লিমিটেড ও নাইস কম্পোজিট টেক্সটাইল। এছাড়া ইকো হিলিং অ্যাকসেসরিজ, আহাভা কম্পোজিট লিমিটেড, স্পার্টান ফ্যাশন লিমিটেড এবং ঐলি ফ্যাশন লিমিটেডও এতে অংশ নিচ্ছে।
তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন লিমিটেড, নিটেক্সপো ইন্টারন্যাশনাল ও এশিয়া প্যাসিফিক জোন। এছাড়া চিটাগং ফোর ব্রাদার্স অ্যাপারেলস এবং সিম ফেব্রিকস লিমিটেডও এই মেলায় নিজেদের পণ্য প্রদর্শন করছে।
মেলায় অংশগ্রহণের ফলে বাংলাদেশী রফতানিকারকরা ইউরোপীয় বাজারের ক্রেতা ও ব্র্যান্ডগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবেন। এর মাধ্যমে নতুন ক্রেতা আকর্ষণ এবং দেশের জন্য নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।