উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গত ৬ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়েছে। মোবাইল কোর্ট ও সামারি ট্রায়ালের মাধ্যমে ১৯টি প্রতিষ্ঠানকে মোট ২৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় এবং ২০টি মামলা দায়ের করা হয়েছে। রোববার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় সাতটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা ও তিনটি মামলা করা হয়। বাধ্যতামূলক নিবন্ধন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং লেবেলবিহীন খাদ্যসামগ্রী সংরক্ষণের মতো অপরাধে এই ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১৪টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এবং ১৫টি মামলা করা হয়।
গত ১২ সেপ্টেম্বর পাবনা ও সিলেটে পৃথকভাবে সামারি ট্রায়াল পরিচালনা করা হয় এবং পাবনায় দুটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়। আইন প্রয়োগের পাশাপাশি সারাদেশে খাদ্যস্থাপনা মনিটরিং জোরদার করা হয়েছে এবং গত এক সপ্তাহে মোট ১৯৬টি খাদ্যস্থাপনা মনিটরিং করা হয়েছে। নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে টেলিভিশন, বেতার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার এবং এ লক্ষ্য অর্জনে কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার, ব্যবসায়ী, উৎপাদক, ভোক্তা ও সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আরও ব্যাপক ও কার্যকরভাবে অব্যাহত থাকবে।