উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের অন্যতম নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এতে প্রতিষ্ঠানের দুই পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদসহ শিক্ষক, শিক্ষার্থী ও কলাকুশলীরা অংশ নেন।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিশু-কিশোরদের বিশেষ নৃত্যানুষ্ঠান ছড়ায় ছন্দে নৃত্যমালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিন। শিক্ষণীয় বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এই পরিবেশনায় নৃত্যাঞ্চলের চার শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থী অংশ নেয়।
আগামী ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় একই মিলনায়তনে সমাপনী আয়োজন নৃত্যমালিকা অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। লোকনৃত্য, সৃজনশীল ও ধ্রুপদি নৃত্যের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তিন শতাধিক শিল্পী অংশ নেবেন। উৎসবের সমাপনী দিনের প্রধান আকর্ষণ শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের বিশেষ নৃত্য পরিবেশনা।
দীর্ঘ ২৫ বছরের পথচলায় নৃত্যাঞ্চল দেশের নৃত্যচর্চায় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তিন দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মাছরাঙা টেলিভিশন এবং সহযোগিতায় কাজ করছে শাহ সিমেন্ট। আয়োজকদের আশা সমাপনী দিনে জাতীয় নাট্যশালার দর্শকসারি বরেণ্য নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলনমেলায় পরিণত হবে।