উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে সারের কোনো প্রকৃত সঙ্কট নেই, বরং একটি মহল ইচ্ছাকৃতভাবে এই সঙ্কট তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার বিকেলে কৃষি মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে বিকেলে কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কৃষিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তিনি। বৈঠকে কৃষি খাতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম এবং পণ্যের ঘাটতি ও অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে সার নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে যেমন ভাবা হচ্ছে পরিস্থিতি আসলে তেমন নয়।
দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী জানান, জরুরি পরিস্থিতির জন্য সবসময় দুই থেকে তিন মাসের সার সংরক্ষণ করা হয়। সাধারণত ১০ থেকে ১২ লাখ টন এবং পিক সিজনের আগে ক্ষেত্রবিশেষে ১৫ লাখ টন পর্যন্ত সার রিজার্ভ থাকে। এই মুহূর্তে গত বছরের একই দিনের তুলনায় দেশে দুই লাখ টন সার বেশি রয়েছে এবং নিয়মিত আমদানি প্রক্রিয়াও চালু রয়েছে।
মাঠপর্যায়ে সার নিয়ে সৃষ্ট পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্ডার, রাইস মিল ও বিভিন্ন গুদামে সার পাওয়া যাচ্ছে, যেখানে এসব থাকার কথা নয়। যারা এটি করেছে তারা ইচ্ছাকৃতভাবেই সঙ্কট সৃষ্টির চেষ্টা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা পর্যায়ে সার মনিটরিং কমিটি গঠন ও নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই-এক দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।