উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে অবৈধভাবে মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনের তথ্য, এসএমএস কনটেন্ট এবং এলসিএল ও এলআরএল বিক্রির অভিযোগে অমিত পাল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এই অভিযান পরিচালনা করে।
মগবাজার এলাকায় অভিযান চালিয়ে একুশ বছর বয়সী অমিত পালকে গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম। এ সময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। একই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে লেনদেন ও ডেটা বিক্রির ৪০ পাতার স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করা হয়।
সিটিটিসির দাবি, গ্রেপ্তার অমিত পাল দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করে প্রতারণা ও অবৈধ ই-ট্রানজেকশন চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে অবৈধভাবে বিভিন্ন সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিক্রির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার অমিত পালের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার বিষয়টি তদন্ত করে দেখছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে।