উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে এবং ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর সবশেষ সাক্ষী হিসেবে রোববার মামলার বাদী দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করেন। এরপর সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম তাকে জেরা শেষ করেন।
আগামী ২৪ সেপ্টেম্বর আসামি সিয়ামের আত্মপক্ষ শুনানির দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম। এদিন শুনানিকালে সিয়ামকে আদালতে হাজির করা হয় এবং তার জামিন আবেদন নাকচ করে দেয় আদালত। মামলাটিতে মোট ১১ সাক্ষীর সবার সাক্ষ্য সম্পন্ন হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলাটি করেছিলেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্ত শেষে তার বিরুদ্ধে ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের জুলাইয়ে সিআইডির অভিযানে আবেদ আলী ও তার ছেলে সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর আবেদ আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।