উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা অভিযান চালিয়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
নৌবাহিনী জানায়, ৮ সেপ্টেম্বর পায়রা বন্দর থেকে এফবি নাঈম নামের ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। পরদিন রাতে ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে। সেই সময় সাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং সি স্টেট-৪-এর উত্তাল পরিস্থিতি বিরাজ করছিল।
অন্ধকার ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কয়েক ঘণ্টা অনুসন্ধানের পর রাডারের মাধ্যমে ট্রলারটির অবস্থান শনাক্ত করেন নৌবাহিনীর সদস্যরা। রাত সাড়ে ১০টার দিকে জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধারের পর ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টেনে সুন্দরবনসংলগ্ন দুবলার চরে নিয়ে যায় বানৌজা পদ্মা। সেখানে ট্রলার ও জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্টের কাছে হস্তান্তর করা হয়েছে।