উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খেটে খাওয়া মানুষের জীবন ও জীবিকার বিষয়ে সরকার কোনো ধরনের দায়বদ্ধতা দেখাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। শুক্রবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে শ্রমিক স্বার্থ রক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিগত ছয় মাসের শাসন দেখে এটা স্পষ্ট যে সরকারের অগ্রাধিকারে খেটে খাওয়া মানুষের কোনো স্থান নেই।
সমাবেশ শুরুর আগে পল্টন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা, জিরো পয়েন্ট ও গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পুরানা পল্টনে গিয়ে শেষ হয়। সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও কর্মসংস্থানের অনিশ্চয়তার কথা তুলে ধরে শ্রমজীবী মানুষের দুর্বিষহ অবস্থার চিত্র তুলে ধরেন।
নেতারা অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, পোশাকশ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠন এবং চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ে কর্মরত চার লাখের বেশি কর্মীকে স্থায়ী করা, বন্ধ পাটকল চালু এবং হকার উচ্ছেদ বন্ধের আহ্বান জানানো হয়।
সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার ও এস এ রশীদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহাবুবুল আলমসহ অন্যান্য শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। তারা সব ধরনের শ্রমিক ছাঁটাই ও বৈষম্য বন্ধ করে শ্রম আইন ও সাংবিধানিক অধিকার পুরোপুরি কার্যকর করার জোর দাবি জানান।