উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল শনিবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫০০ কর্মী মাঠে নামছেন। মোট ২৪টি দলে বিভক্ত হয়ে কর্মীরা ডিএনসিসির আওতাধীন প্রতিটি বাড়িতে গিয়ে সোর্স রিডাকশন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন।
ডিএনসিসির মুখপাত্র জাকির হোসেন জানিয়েছেন, শুক্রবার এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন।
উদ্বোধন শেষে ডিএনসিসির অঞ্চল-৫-এর সংসদ ভবন ও আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালানো হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভা নিধনে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি স্টল স্থাপন করা হয়েছে। সেখানে নগরবাসীর জন্য ডেঙ্গু প্রতিরোধ ও এর করণীয় সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক উপকরণ প্রদর্শন করা হচ্ছে।