উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুর শাহআলী শপিং কমপ্লেক্সে সংঘবদ্ধ চোরচক্রের হানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। চক্রটির অন্যতম সংগঠক শামীম খান দেশে থেকে পরিকল্পনা ও লোক সংগ্রহের কাজ করতেন, আর ফ্রান্সে থাকা তার প্রাক্তন দুলাভাই সৈয়দ নাসির ওরফে ফ্রান্স নাসির এই অভিযানের যাবতীয় আর্থিক জোগান দিতেন।
চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভুয়া নাম ও নকল জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মার্কেটে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ পায়। দিনের বেলা নিরাপত্তাকর্মীর ছদ্মবেশে তারা সিসিটিভি ক্যামেরার অবস্থান ও নিরাপত্তার খুঁটিনাটি রেকি করত। এরপর রাতের আঁধারে তালা কেটে তারা অপারেশন চালাত।
অভিযান সহজ করতে চক্রটি ওই ফ্লোরের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীকে মিষ্টির সঙ্গে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ফেলে। চুরির সরঞ্জামগুলো আগেই মার্কেটের বাথরুম বা গোপন স্থানে লুকিয়ে রাখা হতো। সিসিটিভি ফুটেজেও নিরাপত্তাকর্মীকে মিষ্টি খাইয়ে অজ্ঞান করার দৃশ্য ধরা পড়েছে।
এ হোসেন জুয়েলার্স ও আল রাজ্জাক জুয়েলার্স থেকে ২৬০ ভরি স্বর্ণ ও ৬ লাখ ১৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। তবে ডিবির প্রাথমিক তদন্তে চুরি হওয়া স্বর্ণের পরিমাণ ৫০ থেকে ৬০ ভরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্ট এজেন্সির ভূমিকা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।