উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি বাড়িতে দেড় মাস ধরে চলছিল সংঘবদ্ধ অনলাইন প্রতারণার কার্যক্রম। সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের মোট ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ওই বাড়ি থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মদ জানান, দুবাইপ্রবাসীর মালিকানাধীন ওই বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছিল।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যে দেশি-বিদেশি সহযোগীদের নেটওয়ার্কের অস্তিত্ব মিলেছে। আসামিদের ব্যবহৃত ডিভাইসগুলোর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রতারণার ধরন এবং এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এত বিপুলসংখ্যক বিদেশি নাগরিক কীভাবে স্থানীয়ভাবে আস্তানা গড়ে তুলল এবং তাদের কর্মকাণ্ডে কারা সহায়তা করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তের স্বার্থে অভিযুক্তদের ভিসার ধরন ও আর্থিক লেনদেনের নথি যাচাই করা হচ্ছে।