উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। নতুন এই জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা, আর নাম ও নম্বরসহ কিনতে খরচ হবে ১ হাজার ৭০০ টাকা।
জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘দৌড়’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম জানান, উন্নত কাপড়ের মান ও বিপণন খরচ বাড়ায় এবার দাম কিছুটা বেশি। তবে সাধারণ সমর্থকদের জন্য ৭০০ টাকায় ফ্যান সংস্করণ পাওয়া যাবে। এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার জার্সি বিক্রি হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে ১ লাখ জার্সি বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।
জার্সি উন্মোচনে বিলম্বের কারণ ব্যাখ্যা করে আবিদ জানান, ভিআইপি অতিথিদের সময়সূচির সঙ্গে সমন্বয় করতে গিয়ে তারিখ কয়েক দফা পরিবর্তন করতে হয়েছে। এছাড়া খুব শীঘ্রই তৃতীয় জার্সি বাজারে আনার পরিকল্পনা রয়েছে। করপোরেট প্রতিষ্ঠানগুলো থেকেও জার্সির ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও জার্সিটি পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে দৌড়ের। সিঙ্গাপুর, দক্ষিণ আমেরিকা এবং ফিফা জাদুঘরের দোকানেও এই জার্সি বিক্রির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। জার্সি বিক্রি থেকে প্রাপ্ত রয়্যালটির একটি অংশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনও পাবে বলে জানানো হয়েছে।