উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বিবাদের জেরে মো. রাব্বী (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাব্বী কুমিল্লার মুরাদনগর থানার নেওয়াগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ীর গোবিন্দপুর আল-মদিনা গলিতে থাকতেন এবং স্থানীয় মাছের আড়তে কাজ করতেন। রাব্বীর আড়াই মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের দুলাভাই শফিকুর জানান, ভোরে রাব্বীর সঙ্গে ফোনে কথা হওয়ার কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর খবর পান। ঘটনাস্থলে গিয়ে তার পকেটে কিছু টাকা পাওয়া গেলেও মোবাইল ফোনটি খুঁজে পাওয়া যায়নি।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অতনু দে প্রেম জানান, রাব্বীর বুকের বাম পাশে গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মোবাইল নিয়ে বন্ধুদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।