উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই আইনের বেশ কিছু বিধান জনগণের মৌলিক অধিকার ও বাক্-স্বাধীনতা হরণের বড় ঝুঁকি তৈরি করবে। আন্তর্জাতিক চর্চার আলোকে খসড়াটি ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ড. ইফতেখারুজ্জামান বলেন, খসড়া আইনে সাইবার অপরাধ, সুরক্ষা এবং মতপ্রকাশের অধিকারকে একাকার করে ফেলা হয়েছে, যা বৈশ্বিক চর্চার পরিপন্থী। এছাড়া গুজব, অপতথ্য ও মানহানিকর শব্দের অস্পষ্ট সংজ্ঞার কারণে আইনটি অপব্যবহারের সুযোগ তৈরি করবে। বিশেষ করে ধারা ৪৬(২)-এর অ-জামিনযোগ্য অপরাধের বিধান ভিন্নমত দমনে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
টিআইবি প্রস্তাব করেছে যে, সরকারের পরিবর্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠন করতে হবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের দায়মুক্তির প্রস্তাবের বিরোধিতা করে সংস্থাটি জানায়, এটি আইনের চোখে সবাই সমান—এই মৌলিক নীতির পরিপন্থী। এছাড়া ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া সাইবার সুরক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দিয়েছে টিআইবি।