উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দুই থেকে তিন লাখ টাকা ঋণগ্রস্ত হয়েছিলেন মো. আরিফুর রহমান। সেই ঋণের টাকা পরিশোধের উপায় হিসেবে তিনি নিজেই অপহরণের নাটক সাজান। পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তিনি আত্মগোপন করেছিলেন।
গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে আরিফুর রহমানকে উদ্ধার করে র্যাব-৭। শুক্রবার বিকেলে র্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উদ্ধারের পর আরিফ জানান যে তিনি দীর্ঘ দিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। গত ৯ সেপ্টেম্বর ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় মামলা করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সীতাকুণ্ড থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আরিফুর রহমানকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শান্তা গ্রামে এবং তিনি ঢাকায় ফুটপাতে জামাকাপড়ের ব্যবসা করতেন।