উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তেরো রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছিল।
উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন, কক্সবাজারের সদর উপজেলার খুরুসকুল এলাকার মো. তারেকুল ইসলাম ও মো. রাশেদুল ইসলাম ওরফে রুবেল।
পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযানের অংশ হিসেবে চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি ফোটন পিকআপে তল্লাশি চালানো হয়। গাড়ির চালকের সিটের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো পুটলা থেকে ইয়াবা, পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন। মামুন নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে তারা এগুলো পরিবহন করছিলেন এবং অস্ত্র গ্রহণের জন্য মামুন আগেই বাসে চট্টগ্রাম শহরে চলে যান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, পলাতক মামুনকে গ্রেপ্তার এবং জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে। উদ্ধার করা মাদক ও অস্ত্রের ঘটনায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।