উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি শটগানসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগে ২৮ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিলে ৫২ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১৯৩ জন, গুলশানে ৪১ জন, উত্তরায় ৪২ জন, গোয়েন্দা বিভাগে ১২ জন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেট কার, ১৫টি মোবাইল ফোন ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।