উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে ক্রিকেটীয় কার্যক্রমে গতি ফেরাতে মাঠে ফিরছে খেলা। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে চার দলের বিশেষ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত বিসিবি পরিচালক মিনহাজুল আবেদীন নান্নুর উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে চট্টগ্রামে নিয়মিত ক্রিকেট লিগ ও টুর্নামেন্ট না হওয়ায় খেলোয়াড়দের মাঝে যে ঘাটতি তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম বিভাগকে চারটি জোনে ভাগ করে এই টুর্নামেন্টের দলগুলো গঠন করা হয়েছে। প্রতিটি দলে অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে ক্রিকেটার সুযোগ পাবেন।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে ইস্পাহানী কর্ণফুলী, সাম্পান, ভুলুয়া এবং ফর্টিস ময়নামতি। চট্টগ্রাম মহানগর ও জেলার ক্রিকেটারদের নিয়ে গঠিত হয়েছে ইস্পাহানী কর্ণফুলী। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের ক্রিকেটারদের নিয়ে গড়া সাম্পান দলের পৃষ্ঠপোষকতায় রয়েছেন বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ।
এছাড়া নোয়াখালী জেলা কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় খেলবে নোয়াখালীর ক্রিকেটারদের দল ভুলুয়া। কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ক্রিকেটারদের নিয়ে গঠিত হয়েছে ফর্টিস ময়নামতি। আগামী ১৬, ১৭ ও ১৯ সেপ্টেম্বর লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার পর ২১ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে।