উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভাইভার নম্বর বাড়িয়ে মেধা ধ্বংস ও দলীয় আনুকূল্যের পথ প্রশস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সরকার এই সিদ্ধান্ত সংশোধন না করলে দেশে আরেকটি বড় আন্দোলন অনিবার্য হয়ে উঠবে।
ডা. শফিকুর রহমান জানান, গণভোট, প্রশাসনের নির্দলীয়করণ ও বৈষম্য দূরসহ ছয় দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরের দিকে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনীহার সমালোচনা করে তিনি বলেন, ১৯৭০ সালের মতো জনরায় উপেক্ষা করা হলে তা কারও জন্যই কল্যাণকর হবে না।
কোরআন ও সুন্নাহর নীতির পরিপন্থী প্রপার্টি ট্রান্সফার আইন প্রণয়নের অভিযোগ তুলে তিনি ইসলামিক ফাউন্ডেশন ও বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শের আহ্বান জানান। পাশাপাশি বিরোধী দলের আসনগুলোতে সরকারি দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়া এবং উন্নয়ন বরাদ্দে বৈষম্য তৈরির তীব্র প্রতিবাদ জানান তিনি।
র্যাব বিলুপ্ত করে একই জনবল দিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনকে শুধু ‘বোতল পরিবর্তন’ হিসেবে আখ্যা দেন বিরোধীদলীয় নেতা। এছাড়া মানবাধিকার ও গুম প্রতিরোধ কমিশনের ক্ষমতা খর্ব করার অভিযোগও করেন তিনি। মতবিনিময় সভায় বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।