উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধী দল একদিকে সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে, অন্যদিকে সংসদে গিয়ে সরকারের প্রশংসা করছে। তিনি আরও প্রশ্ন রাখেন, তাহলে কেন এই লংমার্চের নামে মানুষের ভোগান্তি ও তেল পোড়ানো হলো?
সরকারের ওপর চাপ সৃষ্টির বিষয়ে ফয়জুল করীম বলেন, বর্তমান সরকারকে তারা সময় দিচ্ছেন, তবে ব্যর্থ হলে সরকার পতনের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যানজটসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। এছাড়া হেবা আইন সংশোধনকে শরিয়াহ্বিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান তিনি। এই দাবিতে শুক্রবার সব বিভাগীয় শহরে সমাবেশ ও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের অংশগ্রহণ ও পর্দা নিয়ে এক প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, নারীরা সাংবাদিকতা করতে পারেন, তবে তা শরিয়তসম্মতভাবে হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমানসহ দলের অন্য নেতারা। হেবা আইনের বিতর্কিত সংশোধনের প্রতিবাদে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ওলামাদের অপমানের অভিযোগও তোলা হয়।