উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, বুধবার ব্যাংক রেজোল্যুশন বিল নিয়ে আলোচনার সময় সরকারি দলের সদস্যরা তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছেন।
রুমিন ফারহানা বলেন, সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ নিয়ে তাঁর মনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, বক্তব্যের সময় বাধা দেওয়া এবং অকথ্য ভাষায় গালিগালাজ কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সংসদীয় রীতিনীতি মেনে চলার গুরুত্বারোপ করেন।
২০১৮ সালের সংসদের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে রুমিন বলেন, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পরও যদি এমন আচরণ বজায় থাকে, তবে সংসদে বিরোধী দলের উপস্থিতি অর্থহীন। এছাড়া তিনি র্যাব বিলুপ্তির প্রসঙ্গ টেনে নতুন আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের দাবি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রুমিন ফারহানার বক্তব্যের জবাবে বলেন, কোনো অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে তিনি আগ্রহী নন। তিনি আরও উল্লেখ করেন, বুধবারের বিলে উত্থাপিত বিষয়গুলো আলোচিত বিলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলেই সদস্যদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।