উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিঞা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সুমন মিঞা নামে আরও একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহীরা কেরানিহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগ মিঞার মৃত্যু হয় এবং তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
নিহত সোহাগ মিঞা হবিগঞ্জের সুনেশ্বর এলাকার আক্তার হোসেনের ছেলে। দুর্ঘটনার পর আহত সুমন মিঞাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন চৌধুরি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন।