উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাড়ির লংমার্চ করে গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করা সম্ভব হলে বিএনপিই সবার আগে এর আয়োজন করত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার এসব সংকট সমাধানে বিরোধী দলের সহায়তা আশা করেছিল।
তারেক রহমান বলেন, দায়িত্ব নেওয়ার সময় সরকার প্রতিটি খাতে অনিয়ম-দুর্নীতির পাহাড় দেখেছিল। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে রাষ্ট্রকে ঋণগ্রস্ত করা হলেও বিগত সরকার বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। তিনি জানান, দেশের সমুদ্রসীমায় গ্যাস উত্তোলনের চেষ্টা না করে দেশকে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল।
বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এর মধ্যে একটি এলএনজি টার্মিনালে দুর্ঘটনার ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে। তবে সরকার পরিস্থিতির উত্তরণে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে এবং দ্রুতই সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশে বাক্স্বাধীনতা অবারিত থাকলেও তা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে। রাজনীতিতে গালাগালির সংস্কৃতির পরিবর্তে ভিন্নমতকে শত্রুতায় রূপ না দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলকে একযোগে কাজ করারও আহ্বান জানান সংসদ নেতা।