উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিলের বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব মদের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার সন্ধ্যায় নগরীর কে বি দোভাষ লেন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিল পালিয়ে যেতে সক্ষম হলেও তার দুই সহযোগী পুষ্পেন ব্যানার্জি ও শামসুল ইসলামকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে এই চক্রটি ধরা পড়ে।
ঘটনার পর বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মোহাম্মদ আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।