উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, বিশ্বের কোনো জ্যোতিষী বা গোয়েন্দা সংস্থা কল্পনাও করেনি যে আওয়ামী লীগ এভাবে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবে। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, পঁচাত্তরের ঘটনার সময় বিশাল রক্ষীবাহিনী থাকা সত্ত্বেও তারা শেখ মুজিব ও তাঁর পরিবারকে রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি। আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত, তাই মানুষের স্রষ্টার প্রতি অটল বিশ্বাস রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী বলেন, মহানবীর আদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, বরং সব মানুষের জন্যই কল্যাণকর। অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা একজন প্রকৃত উম্মতের দায়িত্ব বলে তিনি অভিমত প্রকাশ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে হামদ, নাতে রাসুল ও জীবনীর ওপর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।