উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে ‘ত্রিপল এ ওভারসিজ’ নামে একটি রিক্রুটিং এজেন্সিতে বিশেষ অভিযান চালিয়েছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় কার্যালয়টি সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্থাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মালয়েশিয়াগামী কর্মীদের তিন বাক্স পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বিদেশগামী কর্মীদের স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর। অসাধু এজেন্সির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে। বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।