উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার তৃতীয় অধিবেশনের শেষ দিনে চারটি নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শেষ হয়। তবে গঠিত এসব কমিটির মধ্যে মাত্র একটির সভাপতি পদ পেয়েছে বিরোধী দল।
কমিটির সভাপতি পদে রাষ্ট্রীয় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়োগ নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেন, নির্বাহী বিভাগ যদি নিজেই কমিটির সভাপতি হয়, তবে তারা কার কাছে জবাবদিহি করবে। ভবিষ্যতে কমিটি পুনর্গঠনের সময় বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী, বিরোধী দলের ১৪টি কমিটির সভাপতি পদ পাওয়ার কথা ছিল। কিন্তু সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সমঝোতা না হওয়ায় তা সম্ভব হয়নি। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও হুইপ রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, গুরুত্বপূর্ণ কমিটিতে তাদের সদস্য সংখ্যা কম রাখা হয়েছে এবং তালিকা অনুযায়ী সদস্যপদ বণ্টন করা হয়নি।
সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি দাবি করেছেন, বিরোধী দলকে ২৬ শতাংশ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, ১৯টি কমিটিতে তিনজন এবং বাকিগুলোতে দুজন করে বিরোধী দলের সদস্য রাখা হয়েছে। কোনো ত্রুটি থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।