উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না। তিনি প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার পাশাপাশি প্রয়োজনে সমানে সমান লড়াইয়ের হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন।
বিদেশে পলাতক ব্যক্তিদের অপপ্রচার ও অস্থিরতা তৈরির চেষ্টার সমালোচনা করে জামায়াতের আমির বলেন, কোনো সৎ মানুষ অপরাধ না করলে পালিয়ে যায় না। তিনি সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে বলেন, ফেলানীর মতো আর কোনো বাংলাদেশি নাগরিকের লাশ কাঁটাতারে ঝুলতে দেখতে চান না।
গঙ্গা পানিচুক্তি ও তিস্তা সংকটের স্থায়ী সমাধানে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া ধীরগতিতে চলায় উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের পথ বন্ধ করতে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার প্রয়োজন। এছাড়া সম্পত্তি হস্তান্তর বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তিনি রাষ্ট্রপতির কাছে এতে স্বাক্ষর না করার অনুরোধ জানিয়েছেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে শিল্প উৎপাদন অর্ধেকে নেমে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি ব্যাংকঋণ ও শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।