উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদ থেকে পতিত ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে দল-মত নির্বিশেষে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতপার্থক্য ও প্রতিযোগিতা স্বাভাবিক হলেও বৈরিতা বা শত্রুতা কাম্য নয়।
প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরে জানান, ২০০৯ সালের পর থেকে লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশ ঋণখেলাপির কবলে পড়েছিল। ২০২৪ সালে পতিত সরকার খেলাপি ঋণ ১১ শতাংশ দেখালেও, ২০২৫ সালের ফরেনসিক অডিটে প্রকৃত হার ৩৫ দশমিক ৫ শতাংশ বেরিয়ে আসে। বর্তমান সরকারের পদক্ষেপে তা বর্তমানে ৩২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।
ভঙ্গুর অর্থনীতি সত্ত্বেও গত পাঁচ মাসে সরকার বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লক্ষ মার্কিন ডলার পরিশোধ করেছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে গালিগালাজের অপসংস্কৃতি বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর বিভেদ মূলত বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকেই পুনর্জীবিত করার সুযোগ করে দিতে পারে।
পরিশেষে, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা এবং রাষ্ট্র মেরামতের কাজ ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য তিনি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও গণমাধ্যমকে ধন্যবাদ জানান।