উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পরিস্থিতির আরও উন্নয়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে।
সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জুলাই বিপ্লব-পরবর্তী ভঙ্গুর পরিস্থিতি কাটিয়ে পুলিশের মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করে তোলা হচ্ছে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহালের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের শাস্তি দেওয়া হয়েছে, তাই নিরপরাধ কাউকে বরখাস্ত করা হয়নি।
ঢাকা মহানগরীকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশব্যাপী মাদকবিরোধী অভিযানে ১৮ হাজার ৮৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্ত্রী জানান।
সংসদের প্রশ্নোত্তর পর্বে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে বর্তমানে বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া নদীভাঙনের কারণে প্রতিবছর গড়ে সাড়ে ৩ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হচ্ছে বলে পরিসংখ্যান ব্যুরোর তথ্যে উঠে এসেছে।