উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিরোধী দলের তীব্র আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। কণ্ঠভোটে বিরোধী দলের সব আপত্তি নাকচ হয়ে গেলে বিলটি পাস হয়।
নতুন এই আইনের ফলে কাগজে-কলমে র্যাবের নাম বিলুপ্ত হলেও বাহিনীটির বিদ্যমান জনবল, ক্ষমতা, সম্পদ এবং রেকর্ডপত্র এসআরবির কাছে স্থানান্তর করা হবে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা অভিযোগ করেন, এটি নতুন বোতলে পুরোনো মদের মতো। তাঁদের মতে, বাহিনীটির নাম পরিবর্তন হলেও কর্মপদ্ধতি ও সদস্যরা একই থেকে যাচ্ছে, যা কেবল একটি ‘সাইনবোর্ড’ পরিবর্তনের শামিল।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবশ্য দাবি করেছেন, বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ীই র্যাব বিলুপ্ত করা হচ্ছে এবং এসআরবির সঙ্গে র্যাবের কোনো সংস্পর্শ নেই। তিনি ব্যাখ্যা করেন, রাষ্ট্রের বিপুল অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম রক্ষার স্বার্থেই এই সম্পদ এসআরবিতে হস্তান্তর করা হচ্ছে। বিল পাসের ফলে এসআরবি নিজস্ব হাজতখানা, মালখানা এবং জিজ্ঞাসাবাদের ক্ষমতা পাবে।
সংসদে একই সঙ্গে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল-২০২৬’ পাস হয়েছে। নতুন এই আইনে এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে সরকার র্যাব বিলুপ্তির এই উদ্যোগ গ্রহণ করেছিল।