উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রমে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত কার্যকর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব নথিতে তাঁর পদবির আগে থেকে এই শব্দগুলো সরিয়ে ফেলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সাম্প্রতিক পরিপত্রের নির্দেশনায় রাষ্ট্র ও সরকারপ্রধানসহ মন্ত্রী পর্যায়ের সবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য করা হয়েছে।
প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী নিজে এখন থেকে নিয়মিত ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিচ্ছেন। কার্যালয়ে প্রবেশ ও কাজ শেষে বের হওয়ার সময় তিনি সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মতোই ডিজিটাল হাজিরায় অংশ নিচ্ছেন। তাঁর এই উদ্যোগের মাধ্যমে প্রশাসনের সর্বস্তরে নিয়ম মানার একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গেছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই রাষ্ট্রীয় কাজে আড়ম্বর ও ব্যক্তিকেন্দ্রিকতা কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে সরকারি প্রচারণায় নিজের ছবি ব্যবহার না করা, প্রটোকলের গাড়ির সংখ্যা কমানো এবং চলাচলের সময় রাস্তা বন্ধ না রাখার মতো সিদ্ধান্তগুলো প্রশংসিত হয়েছে। সর্বশেষ সম্মানসূচক শব্দ বর্জনের মাধ্যমে সরকারি কার্যক্রমে আরও স্বচ্ছতা ও পেশাদারিত্ব আনার চেষ্টা চলছে।