উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর অস্বাভাবিকভাবে বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই উদ্যোগকে মেধার অবমূল্যায়ন ও নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত হিসেবে অভিহিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর সমান অর্থাৎ ৫০ করে নির্ধারণ করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। লিখিত পরীক্ষায় মেধা যাচাইয়ের সুযোগ থাকলেও ভাইভার নম্বর বাড়ালে বোর্ডের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হবে।
জামায়াতের দাবি, প্রক্সি বা জালিয়াতি রোধে ভাইভার নম্বর বাড়ানো কোনো সমাধান নয়, বরং প্রযুক্তি ও কঠোর মনিটরিংয়ের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে এই বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।