উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী বছর থেকে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং বা মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এই কর্মসূচি কেবল শিশুদের পুষ্টি সহায়তার জন্য নয়, বরং এটি সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার একটি বড় পরীক্ষা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত এক কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর প্রাপ্য খাবার যথাযথভাবে পৌঁছানো নিশ্চিত করতে কর্মসূচির প্রতিটি ধাপে কঠোর নজরদারি থাকবে। অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিক শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মীদের জন্য সমন্বিত ও প্রশাসনিক নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এর মাধ্যমে পদোন্নতি, বদলি ও বেতন-স্কেলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা সুসংহত হবে।
ববি হাজ্জাজ জোর দিয়ে বলেন, প্রাথমিক শিক্ষার সাফল্য কেবল বিদ্যালয়ে উপস্থিতির হার দিয়ে পরিমাপ করা হবে না। ভবন নির্মাণের চেয়ে প্রতিটি শিশুর শিখন নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য, কারণ দক্ষ শিক্ষক ও কার্যকর শ্রেণিকক্ষই একটি প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিতে পারে।