উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে বহদ্দারহাটে র্যালি ও অবস্থান কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গত বৃহস্পতিবার বহদ্দারহাট চত্বরে ক্যাব চট্টগ্রাম নগর ও বিভাগ এবং যুব ক্যাব চট্টগ্রামের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ক্যাবের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী ও সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ক্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি তেল ও গ্যাস সংকটসহ বিভিন্ন অজুহাতে চট্টগ্রামের বিভিন্ন রুটে দীর্ঘদিন ধরে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। জ্বালানি বা পরিচালন ব্যয় বাড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে হবে। পরিবহন মালিক বা শ্রমিকদের ইচ্ছেমতো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষ গণপরিবহনের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় অতিরিক্ত ভাড়া তাদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বিআরটিসির আরও বাস নামানোর তাগিদ দেন।
যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী মিটুল দাস গুপ্ত, মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ জানে আলম, ইসমাইল ফারুকী ও সাইদুর রহমান মিটু। বক্তারা শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীদের নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি দাবি করেন।