উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। এর আগে প্যারোলে মুক্তির জন্য চিন্ময়ের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে চিকিৎসাধীন অবস্থায় চিন্ময় দাসের মা সন্ধ্যা রানী মারা যান। তিনি ক্যানসারসহ নানা রোগে আক্রান্ত ছিলেন এবং প্রায় দুই মাস ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন। মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নেওয়ার উদ্দেশ্যে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পুনরায় স্বজনেরা জেলা প্রশাসনের কাছে আবেদন করেন।
ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী জানান, প্রয়াত সন্ধ্যা রানীর শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। চিন্ময় দাসের পারিবারিক নাম চন্দন কুমার ধর এবং ধর্মীয় দীক্ষা নেওয়ার পর তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নাম গ্রহণ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে সনাতনী সম্প্রদায়ের আন্দোলনের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন চিন্ময় দাস। ওই বছরের অক্টোবরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার সমর্থকেরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন। পরে সংঘর্ষের ঘটনার একপর্যায়ে আদালত থেকে কিছুদূরে মেথর পট্টিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আইনজীবী আলিফ হত্যা মামলাসহ চিন্ময় দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে এবং হাইকোর্ট থেকে চার মামলায় জামিন পেলেও অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় তিনি এখনও কারাবন্দি রয়েছেন।