উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেল যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্যনিষ্ঠা, বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা। বর্তমান তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে মানুষের কাছে সংবাদ যেমন দ্রুত পৌঁছাচ্ছে, তেমনি গুজব ও অপপ্রচারের মতো নতুন চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ করা হলে তা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ প্রচারের পাশাপাশি সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা এবং ত্রুটি-বিচ্যুতি তুলে ধরাও গণমাধ্যমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।
একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থায় গঠনমূলক সমালোচনা উন্নয়নের অন্যতম প্রধান সহায়ক শক্তি হিসেবে কাজ করে বলে উল্লেখ করেন তিনি। সড়ক পরিবহন ও রেল যোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে উন্নয়ন ও সংস্কারের কাজ এগিয়ে নিতে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ প্রতিবেদন ও বাস্তবভিত্তিক মতামত অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।