উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে আসা ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগ থেকে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করা হয়। ফ্লাইটটি ওই দিন রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় তাদের তল্লাশি করা হয়।
তল্লাশিতে আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার এবং মো. ইমরান ও বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার করে মদ পাওয়া যায়। এছাড়া মো. নাফিজ সাবাত ও আল আমিন শেখের ব্যাগ থেকে সাড়ে তিন লিটার করে এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার মদ জব্দ করা হয়।
এনবিআর জানিয়েছে, একই ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগে এত বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়ার বিষয়টি ব্যক্তিগত নাকি এর পেছনে কোনো সমন্বিত পরিকল্পনা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।