উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যম বা কারও কণ্ঠ রোধ করার সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভার শেষে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, আইনটি এমনভাবে প্রণয়ন করাই লক্ষ্য, যাতে ভবিষ্যতে এর অপব্যবহারের কোনো সুযোগ না থাকে এবং মানুষের সম্মানহানি বা মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন না হয়। অতীতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ কিছু আইন সংবাদমাধ্যমকে দমিয়ে রাখতে ব্যবহৃত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যাতে এমন না হয় সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সকাল ১০টা থেকে পাঁচটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সাংবাদিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মূলত আইনটি কীভাবে করা যায় সে বিষয়ে মতামত নেওয়া হয়েছে এবং আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কনটেন্ট যাচাই না করে শেয়ার করা বা মানহানিকর বক্তব্য প্রচারের বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি করা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে জননৈতিকতা নষ্ট করে এমন কর্মকাণ্ড বন্ধ করা এবং অনলাইন পরিবেশ নিরাপদ রাখার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখতে আলোচনা চলছে।