উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যে প্রক্রিয়ায় এই আমন্ত্রণ জানানো হয়েছে তাতে সন্তুষ্ট নয় ঢাকা।
আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই আমন্ত্রণপত্রে তাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে শুধুমাত্র বিমসটেকের চেয়ার হিসেবে আমন্ত্রণ জানানো হয়, যা ভালোভাবে নেয়নি বাংলাদেশ সরকার।
দিল্লি সফরের ক্ষেত্রে বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে দ্বিপাক্ষিক সফরে বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, পরিবেশ অনুকূল হলে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলে তবেই দ্বিপাক্ষিক সফর হবে এবং এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।
গঙ্গা পানি চুক্তি নবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ যেখানেই জড়িত, সেখানেই সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। এছাড়া বাণিজ্য ইস্যু ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়েও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।