উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের রাউজানে বাবাকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও তার ছেলে মো. আশরাফুল গণিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আশরাফুল গণি রাউজান উপজেলার সুলতানপুর এলাকার মো. শফিকুল আলমের ছেলে এবং তার বয়স ৩০ বছর। গত মঙ্গলবার বিকেল ৬টার দিকে রাউজান থানার আদালতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, বাবাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আশরাফুল গণি রাউজান এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি দল অভিযান চালায়। রাউজান থানায় গত ১৮ আগস্ট এই হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক ও মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আশরাফুল গণির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাকে ইতোমধ্যে রাউজান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।