উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এই ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করা যাবে এবং ২৯ সেপ্টেম্বর তা বাছাই করা হবে। এছাড়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল দায়ের এবং ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এই নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এছাড়া সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া এবং উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি।
গত ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ২১ আগস্ট থেকে আসনটি শূন্য বলে গণ্য করা হয়েছে।