উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন মোহাম্মদ জিসান, মোহাম্মদ রমজান, মো. শাহীন, শাবাব হোসেন শৈকত ও মোহাম্মদ মাহিম।
র্যাব জানায়, গত ৩০ আগস্ট গেন্ডারিয়া থানার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনির গ্রুপ ও অটো সজল গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে পথচারী আশা আক্তার, সিয়াম এবং চা-দোকানি আলমগীর হোসেন রাসেল গুলিবিদ্ধ হন। গোলাগুলির সময় আশার ডান পায়ে, সিয়ামের বুকের বাঁ পাশে এবং আলমগীরের মাথায় গুলি লাগে। র্যাব জানায়, আলমগীর ও সিয়ামের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ রয়েছেন, এছাড়া আয়েশা আক্তারও সুস্থ ও স্থিতিশীল আছেন।
র্যাব-১০ এর অধিনায়ক বলেন, উদ্ধার হওয়া ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদের অংশ হিসেবে শনাক্ত করা হয়েছে। শাবাবকে গ্রেপ্তars এর সময় তার কাছ থেকে ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ৩ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ৪২০টি ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, নগদ অর্থ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার শাবাব হোসেন শৈকত যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
ঘটনার পর র্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল ছায়াতদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান ও মোহাম্মদ রমজানকে গ্রেপ্তার করা হয়। পরে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীনকে এবং বুধবার পৃথক অভিযানে শাবাব হোসেন শৈকত ও মোহাম্মদ মাহিমকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান চলছে।