উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২৯ অক্টোবর জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। আগামী ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে এবং ২৯ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে এ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি।
এদিকে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা দলটির পক্ষ থেকে এখনো জানানো হয়নি। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে মির্জা ফয়সাল আমীন ও শামারুহ মির্জার নাম আলোচনায় রয়েছে।