উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোলায়েম হোসেন (৪৮) নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোলায়েম হোসেন কালীশংকরপুর গ্রামের আবুল মণ্ডলের ছেলে এবং ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মোলায়েম হোসেন পার্শ্ববর্তী আব্দালপুর গ্রাম থেকে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হরিশংকরপুর গ্রামের স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী শিল্পী খাতুন জানান, তার স্বামীর সারা শরীরে অন্তত ২০টি কোপের চিহ্ন রয়েছে এবং তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নিহত মোলায়েম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ও চরমপন্থী দলের সদস্য ছিলেন বলেও জানা গেছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন জানান, পূর্বশত্রুতার জেরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।